বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী
ঘণ্টায় গাড়িটির সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমূল ইসলামের তৈরি ‘স্মার্ট কার’ এ চড়ে ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গনে ওয়াকিমূলের তৈরি বাহনটি প্রধানমন্ত্রী দেখেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ।
তিনি বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে উঠেছেন, কিছুটা পথ ওয়াকিলমূল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ড্রাইভ করে গাড়িটি দেখিয়েছেন।
‘‘দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই স্মার্ট কার তৈরির কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেছেন। তাকে উৎসাহ দিয়েছেন তার এই কাজের জন্য।”
ব্যাটারি চালিত গাড়িটির নাম রাখা হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।
সে সময় এই গাড়িটি কীভাবে তৈরি করা হয়েছে ওয়াকিমুল ইসলামর কাছে থেকে সেই গল্পও শুনেছেন প্রধানমন্ত্রী।
ওয়াকিমুল বলেন, এক সময় সারাদিন তিনি বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে এই গাড়িটি বানানো শুরু করেন তিনি্
ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব বলে জানিয়েছেন ওয়াকিমুল। এই গাড়িটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।
তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেন।
একই সঙ্গে কম খরচে আরো আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন প্রধানমন্ত্রী। এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
ওয়াকিমুলের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি বলেছেন, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় গাড়িটির সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বলছ, স্মার্ট কারটি দেখার সময়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
