২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের মধ্যে ১১ কোটি টাকা বিতরণ করবে যাকাত বোর্ড

যাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও তহবিলে অর্থ দিতে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত যাকাত বোর্ড থেকে চলতি অর্থবছরে দরিদ্রদের মধ্যে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

সোমবার সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে যাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর নবগঠিত যাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে সদস্যরা একমত হন। 

এছাড়া, যাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও তহবিলে অর্থ দিতে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় যাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

সভায় অন্যদের মধ্যে বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বোর্ডর সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।