গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনা হচ্ছে: তথ্যমন্ত্রী
“অপতথ্য মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, বিশেষ করে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাধা সৃষ্টিকারী আইন পর্যালোচনার মাধ্যমে একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।
‘নতুন বৈশ্বিক কাঠামো: একটি যোগাযোগের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী তুরস্ক সরকারকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষমতার পরিবর্তন এবং অপতথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণার প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“অপতথ্য মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, বিশেষ করে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম।”
জহির উদ্দিন স্বপন বলেন, কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে।
জবাবদিহি নিশ্চিত করা এবং জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমকে ‘শক্তিশালী চতুর্থ স্তম্ভ’ হিসেবে প্রতিষ্ঠিত করা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য বিবরণীতে বলা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মতপ্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনা করা এবং একটি স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলাসহ বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমগুরো আলোচনায় তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, তথ্যের বিশৃঙ্খলার সমাধান একটি ‘ভারসাম্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিক’ পদ্ধতির মধ্যেই নিহিত, যেখানে অতি-নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণহীনতা-উভয়কেই পরিহার করতে হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, তথ্যমন্ত্রী কৌশলগত যোগাযোগের জন্য তিনটি মূল নীতি তুলে ধরেন। সেগুলো হচ্ছে- বিশ্বাসযোগ্যতা, গণতান্ত্রিক সহনশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা।
অন্যদের মধ্যে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইস্কাকভ প্যানেল আলোচনায় অংশ নেন।
