২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়ার সার্ভিসকে উদ্ধার ও সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দূতাবাস আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম দিয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘সক্ষমতা বাড়াবে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি)।

রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম দিয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘সক্ষমতা বাড়াবে’। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ থাকলে প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম।  

দূতাবাস বলছে, এই অনুদান বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। ফলে জরুরি অবস্থায় দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে রক্ষা পাবে অসংখ্য জীবন। 

প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিগত পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে বলেও জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে তারা বহু মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। প্যাসিফিক অগমেন্টেশন টিম বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা তৈরি এবং বিনিয়োগের সুযোগ খুঁজে চলেছে। 

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, "এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।”

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।