Published : 27 Jan 2026, 01:40 PM
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও এবার সংসদ নির্বাচনের কারণে তাতে ছেদ পড়েছে। তবে প্রথম দিনই 'প্রতীকী' বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে 'একুশে বইমেলা সংগ্রাম পরিষদ'।
প্রতীকী ওই মেলাটি হবে ফেব্রুয়ারির প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে 'একুশে বইমেলা সংগ্রাম পরিষদ' বলেছে, "ভাষা আন্দোলনের চেতনা, সাহিত্য ও মুক্তচিন্তার ধারাকে সমুন্নত রাখতে এই প্রতীকী বইমেলার আয়োজন করা হয়েছে।"
কমিটির সদস্য এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এটি একটি প্রতীকী আয়োজন, এর লক্ষ্য একুশের আত্মপরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো।"
মেলায় ২৫ থেকে ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলেও জানিয়েছেন তিনি।
পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। বেলা সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার নানা আয়োজন চলবে বলে জানিয়েছেন আনোয়র তপন।
এবার নির্বাচন ও রোজার কারণে মেলার তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়।
আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি থেকে প্রথমে ডিসেম্বরে মেলা আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। পরে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করার কথা জানায় আয়োজকেরা।
মেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু করার দাবি জানিয়ে আসছিল গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। তারা সংস্কৃতিকর্মী, লেখক, বইপ্রেমী এবং প্রকাশকদের একটি অংশকে নিয়ে 'অমর একুশে বইমেলা সংগ্রাম কমিটি' নামে একটি প্ল্যাটফর্মও গঠন করে।
'একুশে বইমেলা সংগ্রাম পরিষদের' বিজ্ঞপ্তিতে বলা হয়, "জ্ঞান ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে অমর একুশে বইমেলা আয়োজনের অপরিহার্যতার উপলব্ধি তৈরির একটি সম্মিলিত প্রয়াস। সরকার যখন অপারগতা প্রকাশ করে তখন এগিয়ে আসতে হয় সচেতন দেশবাসীকে। আগামী ১ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী 'অমর একুশে প্রতীকী বইমেলা' অনুষ্ঠিত হতে যাচ্ছে।"
লেখক, প্রকাশক, পাঠক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষকে এই দিনব্যাপী একুশে প্রতীকী বইমেলায় অংশগ্রহণের জন্য 'একুশে বইমেলা সংগ্রাম পরিষদের' পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বইমেলার বিষয়ে জানতে চাইলে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা একদিনের 'প্রতীকী বইমেলা' করার জন্য বাংলা একাডেমির কাছ থেকে ভেন্যু বরাদ্দ নিয়েছে।"
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলা একাডেমি সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে পাঁচ শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান আবেদন করেছে মাসব্যাপী মেলায় অংশ নিতে। প্রস্তুতির ২৫ শতাংশ কাজও সম্পন্ন হয়েছে।