আগামী বছর ব্যাংকে ২৭ ছুটির ৮টি সাপ্তাহিক বন্ধের দিন
বেশ কিছু ছুটি পড়েছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় লম্বা অবকাশ পাবেন ব্যাংকাররা।
২০২৫ সালে ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা মোট ২৭ দিন ছুটি পাচ্ছেন, তবে এর মধ্যে আট দিন পড়েছে সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার।
রোববার এই তালিকা চূড়ান্ত করেছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ছিল ২৪ দিন।
সরকারি বেশ কিছু ছুটি পড়েছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার। এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যোগ হওয়ায় একটি লম্বা সময় অবকাশের সুযোগ পাবেন ব্যাংক কর্মীরা।
সাপ্তাহিক বন্ধের দিন যেসব ছুটি
বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী, আগামী বছর ১৫ ফেব্রুয়ারি শবে বরাতের ছুটি থাকবে। সেটি পড়েছে শনিবার।
একই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারির ছুটিও শুক্রবার পড়েছে।
২৮ মার্চ জুমাতুল বিদা ও শবে কদরের ছুটিও পড়েছে শুক্রবার।
মার্চের শেষ এবং এপ্রিলের শুরু মিলিয়ে ঈদুল ফিতরের ছুটির একটি দিনও পড়বে সাপ্তাহিক বন্ধে।
জুনের শুরুতে ঈদুল আজহার ছুটির দুটি দিনও পড়েছে সাপ্তাহিক বন্ধে।
১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি পড়েছে সাপ্তাহিক বন্ধের দ্বিতীয় দিন শনিবার, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটিও পড়েছে শুক্রবার, ফলে এই ছুটির সুবিধাও পাবেন না ব্যাংকাররা।
যেসব ছুটি অন্যান্য দিন
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি পড়েছে বুধবার।
ঈদুল ফিতরে ছুটি থাকবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন। এর মধ্যে চারটি ছুটি সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া।
নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার, মে দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে রোববার ব্যাংক বন্ধ থাকবে।
৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ঈদুল আজহায় ব্যাংক বন্ধ থাকবে উপলক্ষে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক বন্ধে।
১ জুলাই মঙ্গলবার ব্যাংক হলিডে, আশুরায় ৬ জুলাই রোববার, দুর্গাপূজার ছুটি পড়েছে ১ ও ২ অক্টোবর বুধ ও বৃহস্পতিবার।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি পড়েছে মঙ্গলবার, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি পড়েছে বৃহস্পতিবার। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পড়েছে বুধবার।
তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি চূড়ান্ত হবে চাঁদ দেখার ওপর।
গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চ ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট সরকারি ছুটি ছিল। এসব ছুটি সরকারের নির্বাহী আদেশে সম্প্রতি বাতিল করা হয়েছে। ফলে ব্যাংকারাও এই দুটি দিন ছুটি পাবেন না।
