২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিত, পাসপোর্ট কর্মকর্তা বরখাস্ত

তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দীর্ঘদিন কর্মস্থলে না থাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহিনুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালের ৩০ মে ঢাকার আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে গোপালগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস বদলি করা হয়। কিন্তু তিনি সেখানে যোগদান না করে সেই বছরের ৯ জুলাই চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

“তার আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করার আগেই কর্মস্থলে অনুপস্থিত হন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব দেননি। পরে তাকে ঢাকার প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলেও সেখানেও যোগ না দিয়ে টানা প্রায় ১৪১ দিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন।”

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসে থাকাকালীন নিজ পেশা ‘সরকারি চাকরি’ গোপন করে ‘শিক্ষক’ পেশায় নিজেই নিজের পাসপোর্টের আবেদন জমা দেন। পরে নিজেই নিজের অনুমোদন নিয়ে পাসপোর্ট গ্রহণ করেন। তার এ আচরণ সরকারি কর্মচারী বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ শামিল। সে কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

“শাহিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো জবাব দেননি। ব্যক্তিগত শুনানির জন্যও আবেদন করেননি। এ কারণে বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণ হওয়ায় বিধি মোতাবেক তাকে সরকারি চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে।”