Published : 26 Jun 2026, 04:06 PM
ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্সের উদ্যোগে রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী।
শুক্রবার রাজধানীতে বাসাবাড়িতে এইডিস মশা সন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। এ দিন বাননীর ১৮, ২১ ও ২৪ রোডে অভিযান চালানো হয়েছে।
অভিযানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা কিংবা জেল দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। নগরবাসী যদি সচেতন হয়ে নিজের বাসা-বাড়ি, আঙিনা ও বাড়ির ছাদের ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাহলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব।”
নগরবাসীকে বাড়ির ছাদ, আঙিনা এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই বাড়ির ছাদের ফুলের বাগানসহ সকল টবে, ডাবের খোসা, রঙের কৌটা বা কোনো পাত্রে পানি যেন জমে না থাকে। কেবলমাত্র সচেতন হলেই নগরকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি নগরবাসীর সহযোগিতা নিয়ে আমরা ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করব ইনশাল্লাহ।”
প্রতিমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে, নগরবাসীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে ডেঙ্গু বাহকের লার্ভা নিধনের ট্যাবলেট সংগ্রহ করে নিজ উদ্যোগে বাসাবাড়ি জমে থাকা পানিতে ছিটিয়ে দিয়ে লার্ভা ধ্বংস করার কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদেরকে বলেন, নগরবাসী যদি সচেতন না হয় তাহলে ঢাকা উত্তর সিটিন একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও নির্মূল সম্ভব নয়।
তিনি বলেন, “আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত প্রতিদিন বাসা-বাড়ি,স্থাপনা ও রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখছি এবং ডেঙ্গু মশার বাহক লার্ভা নিধন করছি।”
বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনের নেওয়া তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।