পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি: তিন আসামি কারাগারে
শুক্রবার বিকালে ৩০ থেকে ৩৫ জন লোক রামদা, চাপাতি, পিস্তুল নিয়ে ওই কোম্পানির অফিসে চড়াও হয়।
রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকার চাঁদার দাবিতে একে বিল্ডার্সের অফিসে কর্মকর্তাদের মারধরের মামলায় তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম রোববার রিমান্ড ও জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন– নিলয় হোসেন বাপ্পী (২৯), রাইয়ান (২৮) এবং মামুন মোল্লা (৩৩)।
প্রসিকিউশন পুলিশের এসআই আব্দুর অহিদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস তিন আসামিকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।
অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক দুই আবেদন নাকচ করে দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার রাত ৩টার দিকে রাজধানীর বাইগারটেক এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোবাবর তাদের আদালতে হাজির করা হয়।
মামলার বাদী শরিফুল ইসলাম পল্লবী থানাধীন আলব্দীর টেক একে বিল্ডার্স নামের একটি ঠিকাদারী কোম্পানির সিভিল কনস্ট্রাকটার। কোম্পানির চেয়ারম্যানের নাম মো. কাইউম আলী খান।
মামলার বিবরণে বলা হয়, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি কাইউমের কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন কাইউম আলী।
এরপর শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩০ থেকে ৩৫ জন লোক রামদা, চাপাতি, পিস্তুল নিয়ে ওই কোম্পানির অফিসে চড়াও হয়।
চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিরা কোম্পানির কর্মীদের এলোপাতাড়ি মারধর করে এবং অফিসের মালামাল ভাঙচুর করে। বাধা দিতে গেলে একজন শরিফু ইসলামকে গুলি করে। গুলিটি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে।
ভাংচুরের কারণে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয় দাবি করে মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগীরা পরে জীবনের ভয়ে আসামিদের দুই লাখ টাকা দেয়।
এ ঘটনায় মামলা হওয়ার পর নিলয়, মামুন ও রাইয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।
