Published : 25 Jun 2025, 08:02 PM
এ বছর মে মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৩১০টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার, যা গতবছরের একই মাসের তুলনায় ১৮৯টি বা ৬৪ শতাংশ বেশি।
২১টি সংবাদমাধ্যমের অনলাইন ও মুদ্রিত সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই হিসাব করার কথা জানানো হয়েছে ডেটাভিত্তিক কনটেন্ট সাইট ডেটাফুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, এ বছর মে মাসের যেসব ঘটনা এই প্রতিবেদনে এসেছে, তার ৫০ দশমিক ৬৫ শতাংশই যৌন নিপীড়ন ও প্রাণঘাতী ঘটনা।
মে মাসে ৯৮টি হত্যা, ৫৩টি ধর্ষণ, ৩৮টি আত্মহত্যা, ৩৭টি শারীরিক নির্যাতন, ২৩টি যৌন হয়রানি, ২৩টি ধর্ষণের চেষ্টা এবং ১৫টি দলবদ্ধ ধর্ষণের ঘটনা এই তালিকায় এসেছে।
ঢাকায় সবচেয়ে বেশি ৪৪টি সহিংসতার ঘটনা ঘটেছে; ২০টি ঘটনা নিয়ে এর পরেই আছে চট্টগ্রাম।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে সংঘটিত ৩১০টি অপরাধের মধ্যে ১৬৩টি ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে ৪৫টি ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৪৭টি ঘটনায় বলা হয়েছে ‘তদন্ত চলমান’, ৪৪টি ঘটনায় ‘প্রক্রিয়াধীন’।
বাংলাদেশের নারী সহিংসতার হালনাগাদ তথ্য তুলে ধরতে গত এপ্রিলে ‘ভাওট্র্যাকার ডটকম’ ওয়েবসাইট চালু হয়।
‘ডেটাফুল’, সংবাদমাধ্যম ‘সংবাদ’, ‘সুপ্রভাত বাংলাদেশ’ ও ‘উৎস’ নামে একটি সংগঠন এ ওয়েবসাইট তৈরি করেছে।