১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বড়পুকুরিয়া মামলার: অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই নতুন তারিখ দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:39 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পড়েছে আগামী ৫ অগাস্ট।

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই নতুন তারিখ দিয়েছেন। 

মঙ্গলবার এই মামলার শুনানির দিন ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়া আবহাওয়ার কারণ দেখিয়ে শুনানি পেছানোর জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। 

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী হান্নান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবহাওয়ার কারণে নতুন সময় দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকেই সময় চাওয়া হয়েছিল। আমরা সময় চাইনি। তারপর বিচারক আদেশ দেন। ”

সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় এজাহার জমা দেয়। ওই বছরেরই ৫ অক্টোবর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিচার চলাকালে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়াসহ ৭ আসামি মারা যান। আর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফলে তালিকা থেকে ৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

বর্তমানে এ মামলার আসামি ৭ জন। তারা হলেন- খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম ও পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান।