২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি বিভাগের নতুন সচিব সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম অর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

জ্বালানি বিভাগের সচিব মো. নুরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে; তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত মোহাম্মদ সাইফুল ইসলামকে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে রদবদলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাইফুল ইসলাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এদিন আরেকটি প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে সদ্য সংযুক্ত মো. রফিকুল ইসলামকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেরত আনা হয়েছে। 

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দুজন যুগ্ম সচিবকে নিয়োগ করা হয়েছে। 

এরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত নাজনীন হোসেন ও পরিকল্পনা বিভাগে সংযুক্ত মীর আহমেদ তরিকুল। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের অতিরিক্ত পরিচালক যুগ্ম সচিব খন্দকার নুরুল হককে।