এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা
“আজকে আমরা একটু খুশি। প্রধান উপদেষ্টাও ছিলেন। এনবিআরের বিষয়টি সমাধান হয়েছে, বন্দর চালু হয়েছে,” বলেন তিনি।
আন্দোলনে থাকা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের পাঁচজনসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রথমত আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না। ওদের আলাদা টার্ম অফ কন্ডিশন আছে। ওটা দরকার হলে আপনি তাদের আলাদাভাবে জিজ্ঞাসা করবেন।
“অবশ্যই সরকার থেকে এখন কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় না।”
অর্থ উপদেষ্টা বলেন, “পক্ষপাতমূলকভাবে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে মানুষের সেবা করলে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে।”
তিনি বলেন, “ভাবতে পারেন, এই সময় এটা শুরু করলো কেন? শুধু এনবিআর কেন, আমার কাছে প্রতিদিন দুনিয়ার লোক আসে-আমার ব্যাংক হিসাব বন্ধ হয়ে গেছে কেন।”
ব্যবসায়ীদের সঙ্গে রোববারে বৈঠকের কথা তুলে ধরে সালেহউদ্দিন বলেন, “আজকেও কয়েকজন ব্যবসায়ী ফোন করে বলেছেন অনেক লস হয়ে গেছে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। সরকারের সঙ্গে ইসে থাকতে পারে। কিন্তু জাতীয় স্বার্থের একটা সার্ভিস বন্ধ করে দেওয়া, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য না।”
মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের আন্দোলনের মধ্যে সরকার পিছু হটে। বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে।
এরপর আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
দাবি আদায়ে শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন এনবিআর কর্মীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষ’ ব্যানারে তাদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানিসহ এনবিআরের কার্যক্রম।
এর মধ্যে রোববার সংস্থাটির সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
চলমান সংকট নিরসনে এনবিআর কর্মীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিও দেয় সরকার। এ আহ্বানে সাড়া না দিলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় তাতে।
সরকারের সেই বিবৃতির পরই দুদকের এমন পদক্ষেপের কথা সামনে আসে।
‘শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে, নিজে লাভবান হয়ে ও রাষ্ট্রের ক্ষতি করার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে ছয় কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধানের বিষয়টি জানায় দুদক।
তদন্তের মুখে পড়া এই কর্মর্তা হলেন, এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার ও পরিষদের সদস্য মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার ও পরিষদের সহসভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা, অতিরিক্ত কমিশনার ও পরিষদের সভাপতি হাছান তারেক রিকাবদার এবং অতিরিক্ত কমিশনার ও পরিষদের সদস্য সাধন কুমার কুন্ডু।
তারপর রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের ঘোষণা দেয় ঐক্য পরিষদ।
দিনভর নাটকীয়তার পর এনবিআর কর্মীরা আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করায় খুশি হয়েছেন তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, “আজকে আমরা একটু খুশি। প্রধান উপদেষ্টাও ছিলেন। এনবিআরের বিষয়টি সমাধান হয়েছে, বন্দর চালু হয়েছে। আমরা মাঝখানে একটু ইয়ে… ছিলাম।
“আমি প্রধান উপদেষ্টার কাছে বললাম পরে। বললেন, ঠিক আছে ওরা কথা বলুক, কমিটি করা হয়েছে। আমাকে বললেন, তুমি পরে বসো, এখন না।”
সালেহউদ্দিন বলেন, “আমাদের সঙ্গে তাদের মতবিরোধ থাকতে পারে। আমি বহু আগে বলেছি। কিন্তু বন্দর বন্ধ করে দেওয়া। এটা তো ব্যক্তি মালিকাধীন সম্পত্তি না। আমার বিস্কুটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে দিলাম। এটা সরকারের..। সরকার আপনাদের বেতন দেয়। রাজস্ব বন্ধ করে দেওয়া।
“যাইহোক, এখন জিনিসটা সমাধান হয়েছে। আমি বলবো, এটার সমাধান কঠিন না। পাঁচজন উপদেষ্টা আছেন, তারা শুনে বিষয়টি সমাধান করবেন।”
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর অনলাইন ডাটাবেইস সিস্টেমে বাজেট রিপোর্টিং, ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণসহ সার্বিক কাজ মূল্যায়নের প্রথম বছরের কাজের সমাপ্তি উপলক্ষে সোমবারে এই অনুষ্ঠানের আয়োজন করে অর্থমন্ত্রণালয়।
অনুষ্ঠান শেষে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করতে? আমার সময় পারে নাই, কারণ আমি ওখানে ছিলাম। তারপর বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারের নির্দেশে, আদেশে। যারা গভর্নর ছিলেন, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। এটা বলার জন্য দুঃখিত যে তারা কিন্তু সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সেটা নেই।”
অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আর্থিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলোর বাজেট প্রণয়ন, ঋণ ও প্রচ্ছন্ন দায়ের হিসাবায়ন, বিশ্লেষণসহ সার্বিকব্যবস্থাপনা ও মূল্যায়নের জন্য সরকার ‘স্টেট-ওন এন্টারপ্রাইজেস এন্ড অটোনোমাস বডিস বাজেট, রিপোর্টিং অ্যান্ড ইভালুয়েশন ডেটাবেজ (সেবার+)’ সফটওয়ার ব্যবহার করছে।
সেবার+ এর মাধ্যমে চলতি বছর ৭২টি প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নের কাজ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে সফল সমাপ্তি ঘোষণা করেন।
পুরনো খবর:
