সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘মঞ্চ ৭১’এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানিয়ে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
এতে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, অভিযোগ ওঠা ব্যক্তি বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।
গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন।
সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পরে ৭ সেপ্টেম্বর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ বলেছিল, তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।
অধস্তন আদালতে ব্যর্থ হয়ে উচ্চ আদালত থেকে জামিনে তিনি কারামুক্ত হন।
