০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে ‘ধাক্কা ছিনতাইকারীদের’, যুবকের মৃত্যু

তার নাম-পরিচয় জানা যায়নি।

Shahria Bappy Shahria Bappy

Published : 01 Oct 2026, 03:55 PM

Updated : 01 Oct 2026, 03:55 PM

ঢাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ ‍উঠেছে, যিনি চিকিৎসাধীন মারা গেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী পথচারী ফয়েজ জানান, কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা ওই যুবকের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হবে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।