অবরোধ: ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ঢাকায় মহাখালী রেলগেট ও তেজগাঁ রেলস্টেশন এলাকায় রেললাইনে আটকে রেখেছেন আন্দোলনকারীরা।
কোটাবিরোধী আন্দোলনকারীরা সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা মহাখালী রেলগেট ও কারওয়ান বাজারে তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে অবস্থান নিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মহাখালী রেল গেট এলাকায় অবস্থান করা ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, “ওরা (আন্দোলনকারীরা) এখানে সাড়ে ১১টার দিকে বসেছে। প্রায় তখন থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
এ বিষয়ে জানতে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার শফিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
তবে রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ চালু রয়েছে।
দেশজুড়ে সকাল-সন্ধ্যা এই ‘বাংলা ব্লকেড’ নামের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এবং ময়মনসিংহেও রেলপথ অবরোধের খবর পাওয়া গেছে।
বুধবার সকাল ১১টা থেকে দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
তাদের অবস্থানের কারণে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১:৪০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।
এছাড়াও বেলা ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ ও বেলা তিনটার ‘গৌধুলী এক্সপ্রেস’ও ছাড়েনি।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘মহানগর এক্সপ্রেস’ চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করতে না পেরে ফৌজদারহাট স্টেশনে অবস্থান করছিল।
ময়ম্নসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়-সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেন আটকে দেন।
