১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে দৃঢ় করবে: সালমান

দুদেশের অর্থনৈতিক সহযোগিতাও বাড়বে বলে প্রত্যাশা তার।

প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে দৃঢ় করবে: সালমান
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর সঙ্গে শনিবার কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 10:53 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুদেশের সরকারপ্রধানের বৈঠকের পর আরও দৃঢ় হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও বাড়বে বলে প্রত্যাশা তার।

শনিবার সকালে দিল্লিতে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল-এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশার কথা শোনান সালমান রহমান। 

তিনি বলেন, “ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, তথ্যপ্রযুক্তি এবং কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং তারা সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছে “

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদীও সবসময় বলেছেন প্রতিবেশী আগে। এবারের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷”

শুক্র ও শনিবার দুই দিন ভারত সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালমান এফ রহমানসহ অনেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

সফরের প্রথম দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ওই বৈঠকে সালমান রহমানসহ বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা অংশ নেন।