২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনের নেতাদের ঐক্যের ডাক

“সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি,” লিখেছেন আসিফ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

পাকিস্তানে ভারতের আক্রমণ ও পাল্টা জবাবের পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন জুলাই আন্দোলনের নেতারা। 

মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেন ফেইসবুক পোস্টে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন’। ১৫ ঘণ্টায় ওই পোস্টে ২৭ হাজার মন্তব্য জমা পড়ে।

ছাত্র আন্দোলন থেকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্বে আসা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি’। তার পোস্টের নিচে সাত হাজার মন্তব্য জমা পড়ে।

জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন লিখেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকাই এখন আমাদের প্রধান কর্তব্য’। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেন, ‘মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন’।

বিকালে ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান পরিস্থিতি দেশে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে।