শাহজালালে অর্ধকোটি টাকার মদ ও সিগারেট জব্দ
বিমানবন্দরে ভিন্ন ভিন্ন অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া মদ ও সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাদা আলাদা অভিযানে ৫০ লাখ টাকার বেশি মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা সিগারেট ও মদ জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে মঙ্গলবার ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের নয়টি লাগেজ থেকে ৯১৯ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়। যাত্রীরা লাগেজগুলো ফেলে পালিয়ে যান।
একইদিনে ৬৭ লিটার বিদেশি মদ জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
এর মধ্যে রাশিয়া থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের সাত যাত্রীর কাছ থেকে ৪৪ লিটার এবং আরও কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে ২৩ লিটার মদ জব্দ করা হয়।
