শাহবাগের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ ফুলেল শ্রদ্ধা
সকালে শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
সরকারের পতন ঘটানো জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
মঙ্গলবার সকালে শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শাহবাগের স্মৃতিস্তম্ভে আসা মাইনুল নামের এক তরুণ বলেন, “আমি আমার পরিবারসহ এখানে এসেছি। এটা আমাদের দায়িত্ব, শহীদদের স্মরণ করা এবং তাদের আদর্শে দেশ গড়ার চেষ্টা করা।”
স্মৃতিস্তম্ভ চত্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পাশাপাশি মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দলও কাজ করছেন।
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটির রাষ্ট্রীয় উদযাপন হচ্ছে। মানিক মিয়া এভিনিউয়ে গান, কনসার্ট, ড্রোন শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় যৌথভাবে। এই অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত।
এই আয়োজনেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস তৈরি করে।
৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাড়ে ১৫ বছর দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা।
শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
সরকারের তরফে জবাব ছিল- গুলি, টিয়ারশেল আর লাঠি; এককথায় কেবলই বলপ্রয়োগ। প্রথমে ফেইসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়।
আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় দেড় দশকের আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে চড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা আর তার অমাত্যরা।
৫ অগাস্ট সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবি মেনে শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে।
