‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ভুক্তভোগী নিজেই মামলার বাদী।
জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত সংগঠন ‘জুলাই রেবেলস’ কার্যালয়ে হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৫টায় ঢাকার দক্ষিণখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. মাসুম ও মো. ফাহিম খান।
শনিবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় ‘জুলাই রেবেলস’ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তাতে মাথায় আঘাত পান সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ান।
তিনি উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রাতেই মামলা করেন।
উত্তরা-পূর্ব থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত রেজওয়ান ১১ জনের নাম উল্লেখ করে এবং অচেনা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা এজাহারভুক্ত আসামি।
