খলিলুরকে ফোন মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রীর
ফোনালাপে চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।
সোমবার তাদের সঙ্গে পৃথক ফোনালাপের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি।
টেলিফোনে চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
“তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরেন।”
চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের গভীর শোক ও উদ্বেগের কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশসমূহে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
“এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।”
দ্বিতীয়বার ফোন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর
খলিলুর রহমানকে এদিন আরেক দফা ফোন করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি।
রাতে পররাষ্ট্রমন্ত্রীর এই টেলিফোন পাওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
“তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক জ্ঞাপন করেন।”
