২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির উঁচু পদে আরো রদবদল

দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং ছয়জন উপ পুলিশ মহাপরিদর্শক নতুন দায়িত্ব পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 01:52 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ পদে আবারো বদল এসেছে।

দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং ছয়জন উপ পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) নতুন দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতদিন ঢাকা মহানগর পুলিশে দায়িত্বরত এই কর্মকর্তাদের সাতজনই সম্প্রতি সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) হিসাবে পদোন্নতিপ্রাপ্ত। 

ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি হওয়া দুই কর্মকর্তার মধ্যে এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে, যে পদ দুটি ডিআইজি র‌্যাংকের।

ডিআইজি মো. মুনিবুর রহমানকে ডিএমপি থেকে সরিয়ে এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সংখ্যাতিরিক্ত ডিআইজি হওয়া বাকি পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার করে ঢাকা মহানগর পুলিশেই রাখা হয়েছে।