২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ ও জরিমানা

বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মবহির্ভূতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 07:43 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

অভিযানে টার্মিনালের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাস অপসারণ এবং সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়দাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বাসস্ট্যান্ডের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ‘টি আর ট্রাভেলস’-এর একটি বাস ডাম্পিং (অপসারণ) করা হয়, যা টার্মিনালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল। এছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মবহির্ভূতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দুই মামলায় অর্থদণ্ড আদায় করা হয় মোট ১০ হাজার টাকা। 

নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএসসিসির এ ধরনের উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।