২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে হত্যার ভিডিও দেখানো হলো ট্রাইব্যুনালে

“পুলিশ সদস্যরা তাকে গলির ভেতর থেকে ধরে সড়কে আনেন। এরপর এক পুলিশ সদস্য তাকে গুলি করে হত্যা করেন,” বলেন তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 11:16 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

জুলাই অভ্যুত্থানে এক তরুণকে গুলি করে হত্যার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখিয়েছে প্রসিকিউশন। 

অভ্যুত্থান চলাকালে মারবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ ভিডিও দেখানো হয়। 

সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৬ অগাস্ট বিকালে গাজীপুরের কোনাবাড়িতে জনতা-পুলিশ সংঘর্ষ চলাকালে ধাওয়া খেয়ে হৃদয় হোসেন (২০) নামে এক তরুণ গলির ভিতর ঢুকে যান। পরে পুলিশ তাকে গলির ভিতর থেকে ধরে আনে রাস্তায়। সেখানে এক পুলিশ সদস্য তার পিঠে গুলি করে হত্যা করেন।

ট্রাইব্যুনালে চালু করা ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা পাঁচ থেকে ছয়জন এক তরুণকে ধরে সড়কে নিয়ে আসেন। ওই সময় পুলিশের পোশাক পরা একজন তার হাতে থাকা লাঠি দিয়ে ওই তরুণকে মারতে উদ্যত হলে আরেকজন বাধা দেন। এরপর আরেকজন তরুণের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেন। তরুণটি রক্তাক্ত হয়ে রাস্তায় ঢলে পড়ে। তখন পুলিশ সদস্যরা চলে গেলে তরুণকে চিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। 

এর মিনিট খানেক পর আবার কয়েকজন পুলিশ এসে তরুণকে ধরাধরি করে নিয়ে যায়। 

এরপর থেকে ওই তরুণকে (হৃদয় হোসেন) আর দেখা যায়নি বলে জানান প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। 

তিনি বলেন, হৃদয়ের স্বজনরা কোনাবড়ি থানায় গেলে পুলিশ জানায় যে তাদের কাছে কোনো খোঁজ নেই। 

প্রধান কৌঁসুলি আরও বলেন, কার নির্দেশে এ ঘটনা ঘটানো হয়, তা জানা যায়নি। তবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তুলে ধরে তাজুল ইসলাম বলেন, হৃদয়ের লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়া হয়। এরপর নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু এক বছর পার হওয়ায় এবং নদীর তীব্র স্রোতের কারণে মরদেহের খোঁজ মেলেনি। 

হৃদয় হোসেন পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে লেখাপড়ার খরচ যোগাড় করতেন বলে তাজুল ইসলাম ট্রাইব্যুনালে জানান।