আগারগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৫
তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকার আগারগাঁও আইডিবি ভবনের সামনে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
স্বাধীনতা দিবসে সকাল ৯টার দিকে ১৫-২০ জনের একটি মিছিল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- হাসান আলী, জিসান আহমেদ, রইসুল ইসলাম মানিক, ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ।
পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে গেলে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়, এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা আজিজুর বলেন, “তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানায় পুলিশ।
