Published : 11 Mar 2026, 09:16 PM
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফরম পূরণের বর্ধিত সময় সবগুলো সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য হবে। অন্যান্য বোর্ডগুলোও সময় বৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করছে।”
গত ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত স্বাভাবিক ফি দিয়ে এইচএসসির ফরম পূরণের সুযোগ রাখা হয়। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। সেই সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এ ফি দিতে হবে।
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছরের থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।