Published : 02 Aug 2026, 09:36 PM
আদালতে হাজিরা দিতে আসা কারাবন্দি এক আসামির কাছে থাকা পাউরুটির ভেতরে ইয়াবা ও গাঁজা পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
হাজিরা শেষে মামুন নামে ওই হাজতিকে কারাগারে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। তখন তার কাছে থেকে পাউরুটির ভেতরে কাগজে মোড়ানো তিনটি ছোট গাঁজার পুরিয়া এবং তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্যাকেটটি স্বজনরা তাকে দিয়েছেন বলে তথ্য দিয়েছেন পুলিশ কনস্টেবল শাহেদুর রহমান।
রোববার ওই আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তোলা হয়।
শাহেদুর বলেন, সিএমএম ভবনের ৬ তলার ১১ নং আদালতে এ ঘটনা ঘটে। তখন তিনি হাজিরা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছিলেন। তখন স্বজনরা তার হাতে অনেকটা জোর করে পাউরুটির প্যাকেট দেন। এতে বাধা দিলে স্বজনরা রাগারাগি করেন।
তাদের আচরণে সন্দেহ হলে সহকর্মীদের তা যাচাই করার অনুরোধ করার কথা তুলে ধরে ওই কনস্টেবল বলেন, “হাজতখানার গেইটের সদস্যরা তার পাউরুটির প্যাকেটটি রেখে দেয়। আমি আসামি রেখে আবার দ্রুত আদালতে চলে আসি। তারপর শুনেছি পাউরুটির প্যাকেট থেকে এসব পাওয়া গেছে।"
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, “রুটিন তল্লাশিতে প্রথমে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারণ তখন কারও ধারণা ছিল না যে পাউরুটির ভেতরে মাদক লুকিয়ে রাখা হতে পারে। পরে আবার পরীক্ষা করে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। সেটি খুঁটিয়ে দেখার পর ভেতর থেকে মাদক জব্দ করা হয়।
“ঘটনার পর সিসিটিভি ভিডিও পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটেজ দেখে কারা খাবারটি দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"