Published : 08 Jul 2024, 12:41 AM
বিচারকের আদেশে জালিয়াতি করে সই দিয়ে সেটি রায় হিসেবে চালানোর অভিযোগে গ্রেপ্তার ঢাকার ৯ নম্বর মহানগর হাকিমের পেশকার (বেঞ্চ সহকারী) খন্দকার মোজাম্মেল হক জনি ওরফে জনি খন্দকারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার জনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সুমন চন্দ্র সরকার। অন্যদিকে জনির পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী কামাল হোসেন পাটোয়ারী।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাকিল আহাম্মদ জামিন নাকচ করে জনিকে কারাগারে পাঠানো আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই তৌহিদুল ইসলাম জানান।
ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী গত ৩ জুলাই স্বঃপ্রণোদিত হয়ে জনি খন্দকারকে আটকের নির্দেশ দেন। পরে একই আদালতের সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার) মো. নূরে আলম বাদী হয়ে ঢাকার কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে তিনি বলেন, আসামি জনি খন্দকার শেরেবাংলা নগর থানার এক মামলায় ২০২২ সালে ৯ মার্চ ও ২১ মার্চ দুটি ভিন্ন আদেশ নথিতে লিপিবদ্ধ করেন। যেখানে প্রদত্ত স্বাক্ষর ওই আদালতে দায়িত্ব প্রাপ্ত বিচারকের নয়।
ওই মামলায় জনিকে ৫ জুলাই মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।