২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

অচেনা আরো ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করতে আবেদন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:29 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন হয়েছে।

নিহত আলী হুসেনের ‘আত্মীয়’ পরিচয়ে মফিজুল ইসলাম সানা নামের এক ব্যক্তি রোববার ঢাকার মহানগর হাকিম রাগীব নুরের আদালতে এ আবেদন করেন।

এতে ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অচেনা আরো ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করার জন্য আবেদন করা হয়েছে। 

মামলার আবেদনে বলা হয়েছে, উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুলিবিদ্ধ হন আলী হুসেন। উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, আদালত মফিজুল ইসলামের জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা কোনো তদন্ত চলছে কিনা, তা ২০ কর্মদিবসের মধ্যে জানাতে উত্তরা-পূর্ব থানা পুলিশকে নির্দেশ দিয়েছে।

মামলার আবেদনে আসামির তালিকায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন, আনিসুল হক, প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারের নাম রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আন্দোলনে সহিংসতায় নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ তার সময়কার এমপি-মন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক মামলা হতে থাকে।