১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন জাকির হোসেন।

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাকির হোসেন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 02:37 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের তরফে সহকারী পরিচালক নাজমুল ইসলাম তিন আবেদন করেন।

সুরাইয়ার আবেদনে বলা হয়, সুরাইয়া সুলতানার দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যাচাইকালে তার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।

সাফায়েতের আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে। সাফায়েত দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

সঞ্চয়ীর আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। দুদক জেনেছে, তিনি দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।

২০২৪ সালের ২৪ অক্টোবর মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নবম ও একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। একাদশ সংসদে জয়ী হওয়ার পর ২০১৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।