হজ ২০২৬: এজেন্সিগুলোকে আবেদনের আহ্বান
২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার ইতোমধ্যে রোডম্যাপ বা টাইমলাইন প্রকাশ করেছে।
আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে হজ কার্যক্রম পরিচালনায় অংশ নিতে নিবন্ধিত এজেন্সিগুলোকে আবেদন করার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার ইতোমধ্যে রোডম্যাপ বা টাইমলাইন প্রকাশ করেছে।
“সে প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত যে সকল হজ এজেন্সি ২০২৬ সনের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সে সকল হজ এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের নিকট থেকে মন্ত্রণালয় হতে প্রস্তুতকৃত নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
চলতি বছর হজ হয়েছিল ৫ জুন। বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছিলেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছিলেন ৫ হাজার ১০০ জন।
আর বেসরকারি মাধ্যমে হজে যান ৮১ হাজার ৯০০ জন। তারা বাংলাদেশ থেকে ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজে অংশ নেন। এরইমধ্যে সব হজযাত্রী দেশে পৌঁছেছেন।
