Published : 04 May 2026, 12:07 AM
সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক শ্রমিক মারা গেছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন।
রামিম (৫০) নামে ওই ব্যক্তির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। থাকতেন সিলেটের আম্বরখানা লোহারপাড়ায়।
রামিমের মৃত্যু নিয়ে এ ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়াল নয়জনে। আহত আরও কয়েকজন এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় সংঘর্ষের পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে ২০ জন ঢালাই শ্রমিক একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল ঢালাই মেশিনও। পিকআপটি তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তখন পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন। ঘটনাস্থলে মারা চারজন। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। রোববার রাতে প্রাণ গেল আরও একজনের।