শেখ সেলিমের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
একই আদেশ এসেছে গোপালগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের ২৩টি বিও হিসাবের বিষয়েও।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
একই আদেশ এসেছে গোপালগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের ২৩টি বিও হিসাবের বিষয়েও।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
এদিন শেখ সেলিমের ব্যাংক হিসাব এবং বিও হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক।
আবেদনে দুদক বলেছে, শেখ সেলিম ও তার স্বজনরা দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে জানা গেছে, তারা এসব সম্পদ অন্য কোথাও ‘হস্থান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন। এ কারণে তাদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করে দুদক।
