১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫ অগাস্ট পালনের প্রস্তুতি সভা থেকে যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার

গ্রেপ্তাররা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নারায়ণগঞ্জ বিভিন্ন ইউনিটের সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 11:50 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

রাজধানীতে একটি বাসায় ১৫ অগাস্টের শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে কিছু সেনা সদস্য। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।  

তিনি বলছেন, গ্রেপ্তাররা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নারায়ণগঞ্জ বিভিন্ন ইউনিটের সদস্য। এখানে আরও কয়েকজন বড় নেতার আসার কথা ছিল; তবে তারা আসেননি। অংশগ্রহণকারীরা তরুণরা সবাই নতুন কেনা সাদা পাঞ্জাবি পরা ছিলেন। ওই বাসাটির মালিক কে এবং অনুষ্ঠানের অর্থায়ন কে করেছে, এসব নিয়ে পুলিশ খোঁজখবর করছে। 

এদিকে ভাটারা থানার বরাত দিয়ে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অগাস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সমবেত হয়। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।