Published : 25 Dec 2024, 09:01 PM
গাইবান্ধা জেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোমিনুর রহমান ওরফে মনিরুজ্জামান মমিনের বিরুদ্ধে জমিসহ দুটি গুদাম দখলের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মাহিন উদ্দিন বোরহান।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মাহিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “মমিন ও তার ভাই মিলন ২০১৯ সালে আমার দুই চাচা আব্দুল ওয়াহাব ও আবু রায়হানের কাছে জমি বিক্রি করেন। ৫ বছর ধরে আমার দুই চাচা সেই জমিতে গোডাউন ঘর তুলে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে আসছিলেন। কিন্তু মমিন বিভিন্ন সময় চাঁদা দাবি করতেন। সর্বশেষ সে বিক্রিত জমির উপর ৫ লাখ টাকা দাবি করেন।
টাকা না পেয়ে যুবদল নেতা গুদামে হামলা চালান দাবি করে মাহিন বলেন, গত ২৯ নভেম্বর লাঠি, রামদা, হকিস্টিক সহকারে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুদামে রক্ষিত মালামাল লুটপাট এবং গুদাম দখলে নেন।
“এ সময় আমার এক বোনকে রামদার কোপে মাথায় জখম করেন। এই হামলার নেতৃত্ব দেন চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিন নিজেই। লোকবল যোগান দেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপি কর্মী জিয়া, চন্ডিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন, যুবদল কর্মী সোহেল, চন্ডিপুরের ৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ফয়যার। এ হামলা এবং দখলের সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।”
মাহিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় ২২ ডিসেম্বর মমিন জামিন নিতে আদালতে গেলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।
মমিন কারাগারে যাওয়ার আগ পর্যন্ত হুমকি দিয়েছেন অভিযোগ করে গুদাম দুটি ফিরিয়ে দিতে এবং দোষীদের বিরদ্ধে দলীয় ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানান মাহিন।
জমি দখলের সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হালিম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাগজপত্রে ত্রুটি আছে, এই সুযোগে জমি দখল হয়েছে এটা সত্য। এই ঘটনায় দুপক্ষ দুটি মামলাও করেছে। পুলিশ বিষয়গুলো তদন্ত করছে।”
তবে মনিরুজ্জামান মমিন এই মামলায় কারাগারে আছেন সেটা জানেন না বলে জানান ওসি।