২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৮৫ জন

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৮ জনে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৮৫ জন
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 09:56 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৫ জন, তবে এই সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১৪৩ জন ভর্তি হয়েছেন। 

এর বাইরে ঢাকা বিভাগে ৪৮, ময়মনসিংহ বিভাগে ৩, চট্টগ্রাম বিভাগে ৯৬, খুলনা বিভাগে ৪৭, রাজশাহী বিভাগে ৪ ও বরিশাল বিভাগে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৮ জনে, যাদের মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৪৯ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬৩০।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মারা যান দুইজন। মেতে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা যান ১২ জন। জুনে আক্রান্ত ছিল ৭৯৮ জন, মৃত্যু হয় ৮ জনের। 

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন, যার মধ্যে মৃত্যু হয় ১২ জনের। অগাস্ট এসে আক্রান্ত ছিল ৬ হাজার ৫২১ জন, যার মধ্যে মৃত্যু হয় ২৭ জনের। 

সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে ১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে মৃত্যু হয় ৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।