১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার পাঁচ জায়গায় অবরোধে ব্যাপক যানজট

দুপুরের ব্যস্ত সময়ে এসব গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে অনেকটা থমকে গেছে যান চলাচল। তাতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 03:53 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রাজধানীর পাঁচ জায়গায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে অনেকটা থমকে গেছে যান চলাচল।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুর ১২টার পর রাজধানীর টেকনিক্যাল, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

পাশাপাশি তেজগাঁও কলেজের ছাত্ররা তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল রাস্তা এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ বন্ধ করে দেন।

পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা রোডের মুখে গাড়ি ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইন্দিরা রোডের র‌্যাম্প বন্ধ রাখতে বলা হয়।

বাঙলা কলেজের ছাত্রছাত্রীরা টেকনিক্যাল ক্রসিং এর মাঝখানে অবস্থান নেওয়ায় আসা, যাওয়া এবং বাংলা কলেজের দিকে যানবাহন চলাচল করতে পারছে না বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে সড়কে অবস্থান নেন। ফলে সেখানেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের ব্যস্ত সময়ে এসব গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে যানজট তৈরি হচ্ছে। তাতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

মেহেদী হাসান নামে এক গাড়িচালক বলেন, ধানমন্ডি থেকে স্কুল শেষে মালিকের বাচ্চা নিয়ে লালবাগ যাওয়ার পথে ধানমন্ডিতেই আটকা পড়েছেন তিনি।

নীলাচল বাসের চালক শেখ ইব্রাহিম বলেন, পুলিশ মাজার রোড দিয়ে ডাইভারশন দিচ্ছে। তবে সেই পর্যন্ত আসতেই অনেক সময় লাগছে।

ঢাকার বাইরে থেকে আসা সাভার, মানিকগঞ্জের গাড়িগুলো গাবতলী বা মাজার রোডেই ঘুরিয়ে চলে যাচ্ছে। ফলে যেসব যাত্রীদের শহরের ভেতরে যাওয়ার কথা ছিল তারা ভোগান্তিতে পড়ছেন।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বোঝানো হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হবে।”