১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলমগীর কবির

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

নিষেধাজ্ঞায় পড়া দুই ব্যক্তি হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, আলমগীর কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক। আর তাজুল ইসলাম দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান।

আলমগীর কবিরের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়, তিনি ও তার ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, আলমগীর কবির দেশ ছেড়ে পালাতে পারেন। এ কারণে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

তাজুল দম্পতির বিরুদ্ধে করা আবেদনে বলা হয়,  তাজুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দরকার।