Published : 16 Jul 2025, 08:14 PM
ভিসা জালিয়াতির মামলায় ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তারের এক দিন রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইন বুধবার এ আদেশ দেন।
পরে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে কস্তার একজনের মোবাইল ফোন কেড়ে নেন, চড়াও হন, চেঁচিয়ে গালিগালাজ করতে থাকেন। সেসময় তদন্ত কর্মকর্তা তার পক্ষ নিয়ে কথা বলেন। পরবর্তীতে কস্তারকে হাজতখানায় নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সানোয়ার হোসেন তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আইনজীবী মানিক কুমার শীল জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে পরে বিচারক আদেশ দেন।
বিমানবন্দর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই এসএম বখতিয়ার খালেদ এ তথ্য দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কস্তারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মো. মাইদুল ইসলাম।
মামলায় বলা হয়, গত ১৮ জুন কাপড়ের ব্যবসার উদ্দেশে ব্রাজিলের এ নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসেন। ১৫ জুলাই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন। তিনি ইথোওপিয়ান বিমানের বোর্ডিং পাস নিয়ে অপেক্ষায় ছিলেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তার পাসপোর্টে বাংলাদেশের জাল ভিসা শনাক্ত হয়৷