২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব নিয়ে আর কোনো অভিযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

“এখন সবাই র‌্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মত’ অভিযোগ আর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খাতায় নাম এলেও এখন সেই চিত্র না থাকার কথা তুলে ধরে র‌্যাবের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে উত্তরায় র‌্যাব সদরদপ্তরে এক বৈঠক শেষে তিনি বলেন, “৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড, ওটা এখন আর নাই। এখন সবাই র‌্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

“খুবই ভালভাবে তারা এখন কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স অনেক ভাল। মাদক উদ্ধারের ক্ষেত্রে, হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে, দুস্কৃতিকারীদের বিরুদ্ধে তাদের অভিযান প্রশংসার দাবিদার।”

র‌্যাবের বিভিন্ন সেক্টরের অধিনায়ক পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরায় র‌্যাব সদরদপ্তরের বৈঠকটি প্রতি তিন মাস পরপর হয়ে থাকে। যেখানে মহাপরিচালক বিভিন্ন পরিস্থিতি নিয়ে অধিনায়কদের দিক নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার বৈঠকে দুর্গাপূজা, জাতীয় নির্বাচন, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন নিয়ে মহাপরিচালক একটা দিক নির্দেশনা দিয়েছেন।”

নিয়মিত কর্মকর্তারা নিয়োগ না দিয়ে পুলিশ ও র‌্যাবের গুরুত্বপূর্ণ পদে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়োগের মত সিদ্ধান্তগুলো সাংঘর্ষিক হচ্ছে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘না’।

“এটা কোনো ধরনের সাংঘর্ষিক না। রাষ্ট্রের প্রয়োজনে এগুলো করা হয়। ব্যক্তিগত কারো স্বার্থে করা হয় না। এটা অনেক আগে হত, সবসময় হয়েছে ভবিষ্যতেও হবে।”

আসন্ন দুর্গাপূজা নিয়ে প্রস্তুতির কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে এবার পূজা অনুষ্ঠিত হবে।

“দুর্গাপূজা নিয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপের পক্ষ থেকে সাতজন লোক দায়িত্ব পালন করবে। তারা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। সেক্ষেত্রে পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”