গণঅভ্যুত্থানের থিমে একুশে বইমেলা আয়োজনের প্রস্তাব সৃজনশীল প্রকাশকদের
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠানের সংগঠন 'বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা সমিতি'র আত্মপ্রকাশ হয়।
আগামী বছরের অমর একুশে বইমেলাকে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের ভাবনায় সাজানোসহ ১৪টি প্রস্তাব দিয়েছে ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি’।
রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে তারা এসব প্রস্তাব দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক গফুর হোসেন।
তিনি বলেন, “আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সকল প্রকাশকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলা একাডেমির কাছে এই প্রস্তাবগুলো দিয়েছি। আশা করি মহাপরিচালক বইমেলা সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠানের সংগঠন 'বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা সমিতি'র আত্মপ্রকাশ হয় বলে জানান প্রকাশনা সংস্থা রিদমের স্বত্তাধিকারী গফুর হোসেন।
তিনি বলেন, “শুধু সৃজনশীল প্রকাশকদের নিয়ে কোনো সংগঠন নেই। এর আগে 'বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি' নামে একটি সংগঠন ছিল। আমি সেই সংগঠনে সহসভাপতি ছিলাম। কিন্তু ২০২২ সালে আদালতের একটি রায়ে সেটি বন্ধ হয়ে যায়।”
সৃজনশীল প্রকাশকদের স্বার্থ নিয়ে কাজ করতে 'সৃজনশীল প্রকাশক সমিতি' করা হয়েছে উল্লেখ করে গফুর হোসেন বলেন, “এখন অর্ধশতাধিক সৃজনশীল প্রকাশক যুক্ত আছেন। বইমেলার আগেই আমাদের সদস্য সংখ্যা শতাধিক হবে বলে আশা করছি।”
বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে সভায় বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান নাইম (ঐতিহ্য), সভাপতি ইকবাল হোসেন সানু (লাভনী), সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন (রিদম প্রকাশনা)।
এছাড়াও ছিলেন আবুল বাশার ফিরোজ (ধ্রুবপদ), মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন), মো. আইনুল হোসেন (এএইচ ডেভলাপমেন্ট পাবলিশিং), শাহ আল মামুন (মনন প্রকাশ), মো. মিজানুর রহমান (শোভা প্রকাশ), মাশফিক উল্লাহ তন্ময় (স্টুডেন্ট ওয়েজ), মনির হোসেন পিন্টু (অন্যধারা), আবু বকর সিদ্দিক রাজু (স্বরে-অ), রাজ্জাক রুবেল (গ্রন্থিক)।
১৪ প্রস্তাব
> 'অমর একুশে বইমেলা ২০২৫' জুলাই-অগাস্ট গণঅভুত্থানের থিমে আয়োজন করা।
> 'অমর একুশে বইমেলা ২০২৫' আয়োজক কমিটিতে ন্যূনতম ৮ জন প্রকাশক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
> বইমেলা আয়োজনের সকল উপকমিটিতে ন্যূনতম একজন প্রকাশক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
> প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া এবং সহযোগী প্রতিষ্ঠানকে বাদ দেওয়া।
> স্টল নির্মাণের জন্য অভিজ্ঞ গ্রাউন্ড প্ল্যানারের মাধ্যমে এমনভাবে ডিজাইন করা যেন সকল স্টলে দর্শনার্থী ও পাঠকদের সুষম বণ্টন নিশ্চিত হয়। পাশাপাশি আলোর পর্যাপ্ততা, পাঠকদের বিশ্রামস্থল ও পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা ইত্যাদি নিশ্চিত হয়। মেলা প্রাঙ্গণে ধূলাবালির দূষণ এবং শব্দ দূষণসহ যেকোনো দূষণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
> মেলার সময় রাত ১০টা পর্যন্ত বর্ধিত করা এবং মেলা উপলক্ষ্যে রাত ১০.৩০ পর্যন্ত মেট্রোরেলের বিশেষ ট্রিপ চালুর ব্যবস্থা করা।
> অযাচিতভাবে খাবারের দোকান বরাদ্দের নামে একটি বিশেষ শ্রেণি ও গোষ্ঠীর বাণিজ্যিক তৎপরতা বন্ধ করে বইমেলার শৃঙ্খলা ফিরিয়ে আনা। অবশ্যই সকল খাদ্যের মূল্য তালিকা প্রকাশ্যে উল্লেখ করা।
> বাংলা একাডেমি চত্বরে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া। সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ধরনের প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া।
> বিগত বছরগুলোতে চিহ্নিত লুটেরাশ্রেণি এবং দুর্নীতিবাজ প্রকাশনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
> নারী প্রকাশকদের উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
> নীতিমালার লঙ্ঘনে কঠোর ভূমিকা পালন করা।
> ১৫ জানুয়ারির মধ্যে স্টলের স্থান বুঝিয়ে দেওয়া। স্টলের সাথে বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট সংযোগ অন্তর্ভুক্ত করা। ২৬ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পরিপূর্ণ নিরাপত্তা প্রদান করা।
> প্রকাশক, বিক্রয়কর্মীদের পৃথক গেট ও সম্মানজনক যাতায়াতের ব্যবস্থা করা। বই আনা-নেওয়ার সার্বক্ষণিক সুবিধা দেওয়া। প্রকাশকদের পরিবহন পার্কিংয়ের পৃথক ব্যবস্থা করা। 'স্টল মালিক' বা এমন অসম্মানজনক সম্বোধন পরিহার করে প্রকাশক সম্বোধনে বিজ্ঞপ্তি প্রচার করা।
> বিগত বছরগুলোতে বইমেলার স্পন্সর হয়েছিল বিকাশ। বইমেলা চলাকালীন প্রকাশকদের কাছ থেকে বিকাশ পেমেন্টের বিপরীতে যে কমিশন বিকাশ কেটে নেয় সেটা না নেওয়ার বিষয়ে বিকাশের সঙ্গে সমঝতায় আসা।
