অর্থনীতিতে একসঙ্গে এত সমস্যা কোনো দেশে হয়নি: গভর্নর
“ইসলামী ব্যাংক থেকে ৭০-৮০ হাজার কোটি টাকা নিয়ে গেলেও তারা ঘুরে দাঁড়িয়েছে। কারণ ব্যাংকটিতে আমানত বাড়ছে।”
অর্থনীতিতে একসঙ্গে এত সমস্যা বাংলাদেশের মত আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
রাজধানীতে বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে তিনি বলেন, “অর্থনীতির এতগুলো সমস্যা একসঙ্গে অন্য কোনো দেশে হয়নি। তাই আমরা বাংলাদেশ ব্যাংক অর্থনীতি সংস্কারে চারটি পর্যায়ে কাজ করছি।
“ব্যালেন্স অব পেমেন্ট বা এক্সটার্নাল সেক্টর, মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের সংস্কারে জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতেও কাজ চলছে।”
গভর্নর বলেন, “অনেকে বলছেন ডলার মার্কেট এখনও ঠিক নেই। আমি মনে করি ডলার মার্কেট বর্তমানে স্থিতিশীল।”
তিনি বলেন, “রেমিটেন্সের প্রবাহ অনেক শক্তিশালী। এ বছর ৩০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। রেমিটেন্সের প্রবাহ বাড়ার প্রধান কারণ পাচার কমে যাওয়া।”
আহসান এইচ মনসুর বলেন, “রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে না। ব্যাংকাররা বলেন, ফরেক্স মার্কেটে আরও ছাড় দিলে ভালো হবে। তবে আমি ডলার মার্কেটে বেশি সমস্যা দেখছি না। ডলার বাজার ঠিক থাকলে ব্যালেন্স অব পেমেন্ট ঠিক হয়ে যাবে বলে আশা করি।”
তিনি বলেন, “দুবাইয়ের কিছু এগ্রিগেটর ডলার বাজার ম্যানুপুলেট করছে। আমাদের বেশি মানুষ আছে সৌদি আরবে, কিন্তু রেমিটেন্স বেশি আসছে দুবাই থেকে।”
সেমিনারে মূল্যস্ফীতির প্রসঙ্গও তোলেন গভর্নর। বলেন, “একবারে সমাধান করতে পারব না। পলিসি দেওয়ার পর অর্থনীতিতে কাজ করতে ১২ থেকে ১৮ মাস লাগে। আমাদের ছয় মাস হয়েছে; আরও ৫ মাসের বেশি সময় লাগবে।”
তিনি বলেন, “খুব দ্রুত বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করব; শক্তিশালী করার কাজ শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।
“কীভাবে এটা সংস্কার করা যায়, সে বিষয়ে তিন থেকে চার মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সংস্কারের জন্য উচ্চপর্যায়ে প্রস্তাব পাঠাবে।”
‘আমানত আর আস্থা বাড়ায়’ ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেন গভর্নর। তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ব্যাংক খাত ঠিক হচ্ছে। একটি ব্যাংকের ৮৭ শতাংশ টাকা একটি পরিবার নিয়ে গেলে তা কি বাঁচানো সম্ভব?
"ইসলামী ব্যাংক থেকে ৭০-৮০ হাজার কোটি টাকা নিয়ে গেলেও তারা ঘুরে দাঁড়িয়েছে। কারণ এ ব্যাংকটিতে আমানত আসছে। আস্থা বাড়তে থাকায় ব্যাংকটির উন্নতি হয়েছে।”
তিনি বলেন, “ইসলামী ব্যাংক আবার ঋণ দেওয়া শুরু করছে। আস্থা অনেক বড় শক্তি। আস্থা না থাকলে শক্তিশালী হলেও আপনি দুর্বল। আর আস্থা থাকলে আপনি দুর্বল হলেও শক্তিশালী।”
বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাওয়ার প্রসঙ্গও আসে গভর্নরের আলোচনায়। কারণ হিসেবে তিনি বলেন, “নতুন যে আমানত আসছে, তার বড় একটা অংশ সরকার নিয়ে নিচ্ছে।”
দেশের বাইরে চলে যাওয়া অর্থের প্রসঙ্গে তিনি বলেন, “পাচার করা টাকা ফেরাতে চার থেকে পাঁচ বছর লাগে; আমাদেরও সময় লাগবে।”
সেমিনারের শিরোনাম ছিল, “সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার’। এতে অন্যদের মধ্যে বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
