Published : 24 Jul 2025, 07:55 PM
শিক্ষার্থীদের দাবি মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান।
নতুন সচিব যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে এক অফিস আদেশে অতিরিক্ত সচিব মো. মজিবর রহমানকে বিভাগের সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়।
এর আগে বুধবার সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার প্রজ্ঞাপন জারি হয়।
দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রতায় পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে। অনেক শিক্ষার্থীর কাছে সেই খবর না পৌঁছানোয় কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয় তাদের।
শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য উপদেষ্টা সোমবার গভীর রাতে পরীক্ষা স্থগিতের বিষয়টি ফেইসবুকে জানান। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে, যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
এরপর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। চাপের মুখে ওইদিন শিক্ষা সচিবকে প্রত্যাহার করে নেয় সরকার।
ক্ষমতার পালা বদলের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সিদ্দিক জুবায়ের। সে সময় বলা হয়েছিল, তার নিয়োগের মেয়াদ হবে দুই বছর।
বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার -
স্বেচ্ছায় নয়, নিয়োগকর্তা বললে চলে যাব: পদত্যাগ নিয়ে শিক্ষা উপদেষ্টা