২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল, পলক, মামুনরা নতুন হত্যা মামলায় গ্রেপ্তার

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার সকালে ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

আন্দোলনের সময় হত্যার ঘটনায় রাজধানীর কয়েকটি থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।

সকালে কড়া নিরাপত্তায় কামরুল, পলক ও মামুনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। 

এসময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। আর আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

মামলাগুলোর মধ্যে রাজধানীর ভাসানটেক এবং যাত্রাবাড়ীর থানার দুইটি হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে এবং লালবাগ থানার হত্যা মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এছাড়া আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজ নামের আরো দুই ব্যক্তিকেও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।