২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ইসলামাবাদ জেইসি বৈঠক: নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধির আলোচনা

সবশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নেয় বাংলাদেশ।

ঢাকা-ইসলামাবাদ জেইসি বৈঠক: নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধির আলোচনা
ঢাকায় সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে দুই দেশের মধ্যে নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর আলোচনা হওয়ার তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর মাধ্যমে দেশ দুটির ‘জনগণ উপকৃত হবে’ বলে তার ভাষ্য। একই রকম বক্তব্য আসে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের কণ্ঠেও।

সোমবার ঢাকার শেরে-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। 

সালেহউদ্দিন বলেন, “বৈঠকে দুই দেশের মধ্যে নৌ চলাচল ও আকাশপথে যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।”

২০০৫ সালের পর হওয়া নবম জেইসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সালেহউদ্দিন আহমেদ; পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পারভেজ মালিক।

উপদেষ্টা বলেন, “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা ছিল। ২০০৫ সালের পর এটি হয়নি। আমরা কৃষি, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য  ও খাদ্য— প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা আলোচনা করেছি। দুই দেশের মানুষের জন্য এগুলোর সবই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের মন্ত্রী পারভেজ মালিক বলেন, “আমরা ২০ বছর পর মিটিং করলাম। একটা ইতিবাচক ‘মোমেন্টাম’ তৈরি করেছি, যার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে। আমরা একটা পরিকল্পনা করেছি, যার মাধ্যমে দুই দেশের জনগণেরই উপকার হবে। আমরা পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে পরবর্তী সময়ে দৃশ্যমান অগ্রগতি আনতে পারব বলে বিশ্বাস করি।

“দুই দেশই চিন্তা করেছি, কীভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো যায়। এট এখন এক বিলিয়ন ডলারের কম। আমাদের দুই দেশেই জনগণ অনেক বেশি এবং একে অপরের পরিপূরক। তাই আমরা চেষ্টা করব, যেন আমাদের আন্তঃদেশীয় বাণিজ্য বৃদ্ধি পায়।”

বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে কোনো পদক্ষেপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে পাকিস্তান বাংলাদেশ থেকে প্রতিনিয়ত পাট আমদানি করছে। এর বাইরে কৃষি খাতের কী পণ্য নেওয়া যায়, ওষুধ খাতের কোন পণ্য নেওয়া যায় এবং আরও কী পণ্য নেওয়া যায়, সেসবও আমাদের আলোচনা হয়েছে।

“জ্বালানি খাতের কোথায় কোথায় কো-অপারেশন করা যায় বাংলাদেশের সঙ্গে, সেটি জ্বালানি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, সেখানে আলোচনা করব।”

বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল ও পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। 

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পেয়েছে এ আলোচনায়।

এ সময় হালাল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই’র সঙ্গে সমঝোতা সই করেছে পাকিস্তান হালাল অথরিটি (পিএইচএ)।

এর ফলে বিএসটিআই অনুমোদিত যেকোন পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে।

এর আগে সবশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নেয় বাংলাদেশ।

ওই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তার যুক্তি দেখিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যে দূরত্ব তৈরি হয়। 

দেশটি থেকে আসা সব পণ্য ‘লাল’ তালিকাভুক্ত করেছিল এনবিআর।

ক্ষমতার পালাবদলের পর গতবছর থেকে ফের দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে।

পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতবছর ১০ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিনের সঙ্গে দেখা করে স্তিমিত হয়ে পড়া দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

দেশটির অনুরোধে পাকিস্তান থেকে আসা পণ্য ‘লাল তালিকামুক্ত’ করার পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। স্বাভাবিক হতে থাকা বাণিজ্যিক সম্পর্ক এবার আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত মিলল নবম জেএসই বৈঠকে।