সম্পর্ককে ‘বহুমাত্রিক ও সম্প্রসারণের’ আলোচনায় ঢাকা-ওয়াশিংটন
পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও ‘বহুমাত্রিক’ করার ও ‘সম্প্রসারণের’ প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সৌজন্য সাক্ষাতে এই আলোচনা হয়।
এদিন দুপুরের পর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের ওই বৈঠকের আলোচনার নানা দিক বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
“পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ বিভিন্ন উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।”
বিএনপি বলেছে, পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও সে দেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘কৌশলগত বন্ধন’ জোরদারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর।
বুধবার পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
