তৌহিদ-মেলানির বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং বহুপাক্ষিক সহযোগিতার বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিউ ইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠকটি হয়েছে।
ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে করণীয় নিয়ে তৌহিদ ও জোলি আলোচনা করেছেন।
বাসস লিখেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও গভীর করতে উপায় খুঁজে বের করতে আলোচনা করেছেন জোলি ও তৌহিদ।
এ সময় মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন খাতের যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, তাতে কানাডার সমর্থনের প্রতি জোর দেওয়া হয়েছে।
এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় সহযোগিতার বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জোলি এ সময় বাংলাদেশকে সহায়তা করার জন্য কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া মানবাধিকার, টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের মত গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বাড়াতে তার সরকারের আগ্রহের কথা তুলে ধরেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।
