২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগের অপব্যবহার যেন না হয়, রাষ্ট্রদূতদের পরামর্শ শাহরিয়ারের

“বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে তারা কতটুকু বলবেন, এটা তাদের দেশে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যতটুকু করতে পারেন, তার বাইরে যেন না যায়।”

সুযোগের অপব্যবহার যেন না হয়, রাষ্ট্রদূতদের পরামর্শ শাহরিয়ারের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:24 PM

Updated : 14 Oct 2022, 12:41 PM

জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সরব ভূমিকার মধ্যে তাদেরকে বাংলাদেশের ’অতিথিপরায়ণতার সুযোগের অপব্যবহার’ না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা যেভাবে অতিথিপরায়ণ হয়ে সকল দেশের রাষ্ট্রদূতদের জন্য আমাদের দরজা সবসময় খোলা রাখি… সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে, সকল বিভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটার যেন তারা দয়া করে মিসইউজ না করেন। যদি করেন, তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে।” 

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ, ইউক্রেইনের চারটি অঞ্চল রাশিয়ার অঙ্গীভূত করার বিষয়ে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি এবং ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। 

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যানের সাথে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে বাংলাদেশে কূটনীতিবিদদের বিষয়ে তার ওই প্রতিক্রিয়া আসে। 

তিনি বলেন, “এই সংবাদ সম্মেলনের সুযোগে আমি তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ নিতে চাই যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে তারা কতটুকু বলবেন, এটা তাদের দেশে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যতটুকু করতে পারেন, তার বাইরে যেন না যায়। 

“আমাদের রাষ্ট্রদূতরা অনেক কিছু করতে পারেন না এসব রাষ্ট্রে। তাদেরও কথা বলার সীমাবদ্ধতা আছে, তাদের একসেসের সীমাবদ্ধতা আছে। কারও সাথে তাড়াতাড়ি, অল্প সময়ের নোটিসে কীভাবে দেখা করতে পারবেন, এ বিষয়গুলি নিয়েও কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা আছে।” 

৫১ বছরের যাত্রায় বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে, পৃথিবীর ‘বেশিরভাগ দেশ’ সেই অবস্থানে যেতে পারেনি বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অর্ধশতকের মধ্যে ‘৩২ বছরই’ বাংলাদেশ শাসিত হয়েছে সেনাবাহিনী বা তাদের ছত্রছায়ার সরকারের মাধ্যমে। এর বাইরে মাত্র ১৮ বছর থাকে। 

“সেই জায়গা থেকে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা পৃথিবীর ১৯৩টি রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ রাষ্ট্র করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু আমরা সবসময় বলি। 

“প্রেসে বলি না, কারণ অনেকে বিব্রত হবেন, আমরা ঘরোয়া আলোচনায় কী হচ্ছে, সেটা সবসময় বলি না; একটা কিউরেটেড ভার্সন সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি সবসময়, সকলকে সম্মান জানিয়ে। তার মানে এই না, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা মুক্তহস্তে হস্তক্ষেপ করবেন।”

রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের কারণে নির্বাচন প্রক্রিয়া ‘বাধাগ্রস্ত হতে পারে’– ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের এমন বক্তব্যের সূত্র ধরে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। 

জবাবে শাহরিয়ার আলম বলেন, “যে দেশ ও রাষ্ট্রদূতের কথা বললেন, তার কিন্তু খুবই তিক্ত অভিজ্ঞতা আছে বিএনপিকে নিয়ে, সেটা আপনারা খুব ভালোমতই জানেন। তার মুখ থেকে এ কথাটি আসছে। তো, আমরা এই বিষয়টি খতিয়ে দেখব, তাকে আমরা অবশ্যই জানতে চাইব।” 

যুক্তরাষ্ট্রকে যা বলেছে সরকার 

শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে ‘অবাধ ও নিরপেক্ষ’ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা বলেছেন। উত্তরে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা তিনি শারম্যানকে জানিয়েছেন। 

“এই প্রক্রিয়ায় কিছু বিশেষ ব্যক্তি বা দল অংশগ্রহণ করেনি। নির্বাচন বিষয়ে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সঠিক পন্থায় অংশগ্রহণই আমাদের কাছে সন্দেহজনক। 

“এই প্রসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কথা আমরা তাদেরকে (যুক্তরাষ্ট্র) স্মরণ করিয়ে দিয়েছি এবং আমরা স্পষ্ট ভাষায় বলেছি, নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে। কিন্তু সবাই নির্বাচনে আসবে– এটা নিশ্চিত করার কোনো সুযোগ কারো নেই। কে আসবে, কে আসবে না– তা সেই সব রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।” 

বিরোধী দলের ‘নেতৃত্ব সংকটের’ কথাও বৈঠকে তুলে ধরেছেন বলে জানান শাহরিয়ার। তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে দলগুলির কোনো চালিকাশক্তি নেই, রাজনৈতিক দলগুলোর কোনো লিডারশিপ নেই,… অতীতের ব্যাগেজ তারা কেন টেনেছে, এটার কোনো যথাযথ ব্যাখ্যা তারা জনগণের কাছে দিতে পারে না, তাদের বিষয়ে বাংলাদেশ কোনো গ্যারান্টি কখনোই দিতে পারবে না। এটা ছিল আমার উত্তর।” 

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। তো, আমার সাথে বৈঠকে যখন উনি কথাটা বলে ফেলেছেন, আমিতো তার মুখটা বন্ধ করতে পারব না। 

“তখন আমাকে আমার অবস্থান থেকে একটা যথাযথ জবাব দিয়ে আসতেই হবে। দ্যাটস হোয়াট আই হ্যাভ ডান।” 

বড় রাজনৈতিক দল বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি-না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “গ্রহণযোগ্যতা ২০১৪ সালের নির্বাচনেও ছিল (বিএনপি ও সমমনা দলগুলো সেই নির্বাচন বর্জন করে)। সামনের দিনেও অবশ্যই থাকবে।” 

আরেক প্রশ্নে তিনি বলেন, “এটুকু আবারও আশ্বস্ত করতে পারি, একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের মন্ত্রণালয়ের যতটুকু ভূমিকা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অতীতের মত অবশ্যই নির্বাচন কমিশনকে সহায়তা করবে।” 

ওয়েন্ডি শার‌ম্যানের সাথে বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করা, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর প্রসঙ্গ এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।