আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনায় ‘অতিআগ্রহ’ কেন, তদন্ত চায় টিআইবি
“এক শ্রেণির অতিউৎসাহী স্বার্থান্বেষী তোষণপ্রবণ আমলাদের প্রস্তাব অনুযায়ী গাড়ি কেনার এ সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য,” বলেন ইফতেখারুজ্জামান।
আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার বিষয়টিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অতিআগ্রহ’ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল করে দেওয়ার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয় ফের গাড়ি কেনার জন্য কেন আগ্রহ দেখিয়েছে, তাও তদন্ত করা জরুরি বলছে সংস্থাটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ি কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে টিআইবির বলেছে, “এ ধরনের কেনাকাটায় অতিআগ্রহের কারণ অনুসন্ধানও জরুরি।”
আগামী নির্বাচিত সরকারের জন্য গাড়ি কেনার প্রস্তাব সমালোচনার মুখে প্রথম দফায় নাকচ করে অর্থ মন্ত্রণালয়।
আগের থেকে তুলনামূলক বেশি দামে গাড়ি কেনার প্রস্তাব উত্থাপনকে বিগত ‘কর্তৃত্ববাদী’ সরকার আমলের মতোই এক শ্রেণির আমলাদের পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি অতিউৎসাহী ‘তোষামোদী’ আচরণের ‘পুনরাবৃত্তি’ বলেও মন্তব্য করেছে টিআইবি।
এ মাসের প্রথম সপ্তাহে দৈনিক সমকাল ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনা হচ্ছে’ শিরোনামে খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়, মিতসুবিশি পাজেরো কিউএস-২৪২৭ সিসি মডেলের গাড়ি কিনতে প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একেকটি গাড়ি কিনতে খরচ হবে এক কোটি ৬৯ টাকা।
এরপর ৯ সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন সরকারের জন্য গাড়ি কেনা হচ্ছে না। তিনি বলেন, জনপ্রশাসন থেকে প্রস্তাবটি পাঠানো হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এক শ্রেণির অতিউৎসাহী স্বার্থান্বেষী তোষণপ্রবণ আমলাদের প্রস্তাব অনুযায়ী গাড়ি কেনার এ সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। যা সুবিধাবাদী আমলাদের প্রভাববলয় প্রতিষ্ঠার যে চর্চাকে পতিত সরকারের আমলে স্বাভাবিকতায় পরিণত করা হয়েছিল, তার ধারাবাহিকতা বজায় রাখার বিব্রতকর ও আত্মঘাতী উদাহরণ।”
সরকারের ব্যয় সংকোচনের নিজস্ব সিদ্ধান্তের পরিপন্থি এ ক্রয়ের মাধ্যমে ‘স্ববিরোধী’ পথে সরকার কেন যাচ্ছে, প্রশ্ন তুলে টিআইবি বলছে, “এটি কি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাসহ রাষ্ট্রসংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকারের স্ববিরোধী আচরণ বলে বিবেচিত হবে না? এর দায়ভার সরকারের পক্ষ থেকে কে বা কারা নিবেন?”
